প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
প্রবাসে বসে বাবাকে খুনে ৫০ হাজার টাকায় চুক্তি, পূত্রবধুসহ গ্রেফতার-৩
||
স্টাফ রিপোর্টারসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলমান রয়েছে।গত ১৪ আগস্ট রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় নিহত হন মোহাম্মদ আলী (৭৫)। এ ঘটনায় নিহতের নাতনি আছমা বেগম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলার এজাহার ও পুলিশের তথ্যমতে, জমির মালিকানা পুত্রবধূ হোসনা বেগম ও প্রবাসী ছেলে ইসমাইল মিয়ার নামে লিখে না দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, হোসনা বেগম ৫০ হাজার টাকার বিনিময়ে রুহুল আমিনকে হত্যার দায়িত্ব দেন।এজাহারে আরও বলা হয়, ঘটনার রাতে ঘরের পেছনের দরজা খুলে দেওয়া হলে রুহুল আমিন, নজরুল ইসলাম ও জিয়াউর রহমান ঘরে ঢুকে গামছা দিয়ে মোহাম্মদ আলীর শ্বাসরোধ করেন। পরে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে উপস্থাপনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করা হয়েছে।তবে বৃদ্ধের গলায় কালো দাগ ও মুখে রক্ত দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, “ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ