প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
কুইন সলিভান ও লিওনেল মেসি
||
মেজর লিগ সকারে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার কুইন সলিভানের ঘাড়ে হাত দেয়ার ঘটনায় এই শাস্তি পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
তবে মেসিকে কোনো ম্যাচ নিষেধাজ্ঞা দেয়া হয়নি, করা হয়েছে জরিমানা। জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।
গত বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মাঝমাঠের কাছে কুইন সলিভানের সাথে মেসির কথাকাটাকাটির একপর্যায়ে হঠাৎ বাম হাত তুলে তার ঘাড়ের পেছনে চাপড় দেন মেসি।
এতে ক্ষুব্ধ হয়ে মেসির দিকে এগিয়ে যান সলিভান। দুজনের মধ্যে কপালে কপাল ঠেকিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে রেফারি ছুটে এসে তাদের আলাদা করেন। ঘটনার সময় রেফারি অন্যদিকে তাকিয়ে থাকায় মাঠে মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি।
কিন্তু ঘটনার ভিডিও ও ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি আমলে নিয়ে এমএলএসের ডিসিপ্লিনারি কমিটি মেসিকে জরিমানা করে। মেসির জন্য এটি এমএলএসে আচরণবিধি ভেঙে দ্বিতীয়বার শাস্তি পাওয়ার ঘটনা।
গত বছর নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচের পর প্রতিপক্ষের সহকারী কোচের সাথে বিবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি। একপর্যায়ে ওই কোচের গলা চেপে ধরার পাশাপাশি রেফারিকেও উত্তেজিত হয়ে শাসাতে দেখা যায় মেসিকে। সেই ঘটনায়ও শাস্তি পেয়েছিলেন তিনি।
এবারের ঘটনায় শুধু মেসি নন, জরিমানা করা হয়েছে তার সতীর্থ ইয়ান ফ্রেকেও। অন্যদিকে লাল কার্ড পাওয়া ক্যাভিন সলিভান স্বস্তি পেয়েছেন। ঘটনার পর স্বাধীন রিভিউ প্যানেল তার লাল কার্ডটি তুলে নিয়েছে। ফলে পরের ম্যাচে খেলতে পারবেন তিনি।
মূলত ম্যাচের যোগ করা সময়ের দ্বাদশ মিনিটে মায়ামির বক্সে একটি চ্যালেঞ্জে পড়ে যান কুইন সলিভান। উঠে দাঁড়ানোর সময় তার মাথার ওপর হাত দিয়ে চাপ দেয়ার মতো করেন ফ্রে। এরপর কুইন ফ্রের ওপর ঝাঁপিয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
মায়ামির ইয়ানিক ব্রাইট সেখানে ছুটে এসে কুইনকে গলা ধরে টেনে তোলার চেষ্টা করেন। তখন কুইনের ছোট ভাই ক্যাভিনও ছুটে এসে ব্রাইটের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে সতীর্থরা তাদের আলাদা করেন।
পরে ব্রাইট ও ক্যাভিনকে লাল কার্ড ও কুইনকে হলুদ কার্ড দেখানো হয়।
উল্লেখ্য, কুইন ও ক্যাভিন সলিভানের নানি যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশী সুলতানা আলম। মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ফলে যুক্তরাষ্ট্রের ফুটবলে আলোচনায় থাকা এই দুই ভাইয়ের সাথে বাংলাদেশেরও রয়েছে পারিবারিক যোগ।
২২ বছর বয়সী কুইন সলিভান ২০২১ সাল থেকে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়েও মাঠে নেমেছেন তিনি। আর তার ছোট ভাই ক্যাভিনকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিভাবান তরুণ ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।
মাত্র ১৪ বছর বয়সে এমএলএসে অভিষেক করে রেকর্ড গড়েন ক্যাভিন। ২০২৪ সালে মেজর লিগ সকারের ইতিহাসে সবচেয়ে দামী স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। ১৮ বছর বয়স হলে তার ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার কথা রয়েছে।
পরিবারের অন্য দুই ভাই রোনান ও ডেক্লান সলিভানও বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। রোনান এরই মধ্যে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ প্রতিযোগিতায় নজর কেড়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ