প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
৪২ঘণ্টা পর বৌলাই নদী থেকে উদ্ধার হলো শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ
||
সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে চলন্ত হাউজবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া শিশু পর্যটক রুকাইয়া নূরের (১০) ভাসমান মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪২ ঘণ্টা পর আজ রোববার ভোর ৫টার দিকে বৌলাই নদীর পিরোজপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত রুকাইয়া নূর ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গলচামট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনূর রহমানের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ২১ আগস্ট রুকাইয়াসহ প্রায় ২০ জন পর্যটকের একটি দল ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউজবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা দেন। বিকেল আনুমানিক ২টার দিকে বোটটি বৌলাই নদীর দক্ষিণকুল গোদারাঘাট এলাকা অতিক্রম করার সময় শিশুটি অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হয়।তাৎক্ষণিকভাবে বোটে থাকা পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে ওই দিন বিকেল ৪টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু বৌলাই নদীর প্রচণ্ড স্রোতের কারণে প্রথম দুই দিনেও রুকাইয়ার কোনো সন্ধান মেলেনি।আজ রোববার ভোরে পিরোজপুর গ্রামের বাসিন্দারা নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান, ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ