প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
জামালগঞ্জে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
||
তাহের আহমেদ,জামালগঞ্জ(সুনামগঞ্জ):সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জামালগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক।উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক তাহের আহমেদসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যে প্রতিবছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করা প্রয়োজন। তবে শুধু খেলাধুলায় থাকলেই হবে না, এর পাশাপাশি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়াও চালিয়ে যেতে হবে।তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় আরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ