প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবার একই দলে দেখা যেতে পারে মেসি-রোনালদোকে
||
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে হতে পারে তেভেজের বিদায়ী ম্যাচ। এ উপলক্ষে বোকা জুনিয়র্স কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করেছেন সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাঁর পরিকল্পনা, দীর্ঘ ক্যারিয়ারে যেসব সতীর্থের সঙ্গে খেলেছেন, তাঁদের অনেককেই আমন্ত্রণ জানানো। সেই তালিকায় থাকতে পারেন মেসি ও রোনালদোও।
তেভেজের সঙ্গে বিভিন্ন সময়ে ওয়েস্ট হ্যাম, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, বোকা জুনিয়র্স ও আর্জেন্টিনা দলে খেলেছেন প্রায় ৬০ জন ফুটবলার। তাঁদের অনেককে নিয়ে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজন করতে চান তিনি। সেখানে মেসি ও রোনালদোকে একই দলে খেলানোর ইচ্ছাও রয়েছে তাঁর।
মেসি ও রোনালদো একই প্রজন্মের দুই সেরা ফুটবলার হিসেবে দীর্ঘদিন ফুটবল বিশ্বকে শাসন করেছেন। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে তাঁদের মুখোমুখি হওয়ার অসংখ্য স্মৃতি থাকলেও একই দলের হয়ে মাঠে নামার সুযোগ কখনো আসেনি। ফলে তেভেজের পরিকল্পনা বাস্তবায়িত হলে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও ব্যতিক্রমী ঘটনা।
২০২২ সালের জুনে পেশাদার ফুটবল থেকে অবসর নেন তেভেজ। চীনে সংক্ষিপ্ত সময় কাটানোর পর বোকা জুনিয়র্সে ফিরে খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানেন তিনি। ক্যারিয়ারে ২৭৯ ম্যাচ খেলে ৯৪ গোল করেছেন এবং জিতেছেন ১১টি শিরোপা।
অবসরের পর কোচিংয়ে যুক্ত হন তেভেজ। রোসারিও সেন্ট্রাল, ইন্ডিপেন্ডিয়েন্তে ও তায়েরেস কর্দোবার মতো ক্লাবের দায়িত্বও পালন করেছেন তিনি।
তেভেজের বিদায়ী ম্যাচের সম্ভাব্য ভেন্যু বোকা জুনিয়র্সের ঐতিহাসিক মাঠ লা বোম্বোনেরা। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহা ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিকল্প হিসেবে ১৮ ও ১৯ ডিসেম্বরও বিবেচনায় রাখা হয়েছে। তবে ওই সময় আর্জেন্টিনার পেশাদার লিগের সূচির সঙ্গে সংঘাত হলে বোকা জুনিয়র্সের ম্যাচের কারণে তেভেজের বিদায়ী আয়োজনের সূচি বদলাতে হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ