প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাফলংয়ে ১০ ড্রেজারসহ ৬ এক্সকেভেটর ও বিপুল সরঞ্জাম ধ্বংস
||
সানোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট)প্রতিনিধিসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অভিযান চালিয়ে পাথর ও বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে জাফলং-ডাউকি ইসিএ এলাকার বাউড়ভাগ হাওড়, নন্দিরভাগ হাওড়, চা বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্টে অভিযান চালানো হয়।এ সময় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি শ্যালো মেশিন ও ৫টি ব্যাটারি ধ্বংস করা হয়। এছাড়া আরও ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ পাথর-বালু উত্তোলনসহ বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ