প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
তাহিরপুরে ৫ বছরের শিশুকে বিস্কুটের প্রলোভনে ধর্ষণ, ধর্ষক পলাতক
||
স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
শিশুর চাচা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় রহমতপুর গ্রামের আজিজ মিয়ার কিশোর ছেলে লাকিব মিয়া বিস্কুট দেয়ার কথা বলে শিশুটিকে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত দরজা খুলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।
শিশুটির চাচা বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে বারবার আঁতকে উঠছে। রাতেই তাকে থানায় নিয়ে যাই এবং পুলিশকে দেখিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়েছিল। তার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ