প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে ইজারাকৃত নদী জোরপূর্বক দখলের অভিযোগ
||
ধর্মপাশা,মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধিসুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় সরকারি বিধি মেনে ইজারা নেওয়া 'ঘাসী নদী ২য় খণ্ড' দখলের চেষ্টা ও মাছ লুটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার ও সমিতির সম্পদ রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মৎস্যজীবী সমিতি।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের 'ঘাসী নদী ২য় খণ্ড' জলাশয়টি বাংলা ১৪৩১ থেকে ১৪৩৩ সন পর্যন্ত তিন বছরের জন্য ইজারা নেয় ‘হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’। নিয়ম অনুযায়ী সরকারি রাজস্ব পরিশোধ করে সমিতিটি নদীর মাছ চাষ ও ব্যবস্থাপনা পরিচালনা করে আসছিল।অভিযোগ উঠেছে, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সেনোয়ার হোসেন বেশ কিছুদিন ধরে ইজারাকৃত ওই নদীর একটি অংশ দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এরই জের ধরে গত ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে সেনোয়ার হোসেন তাঁর নিজ গ্রাম মির্জাপুরের ৫০-৬০ জন লোক নিয়ে নদীতে অনধিকার প্রবেশ করেন। তারা সেখানে নেট জাল ও চায়না দুয়ারি জাল ফেলে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম জানান, এই অবৈধ দখলের কারণে তাদের চাষ করা মাছ ও অন্যান্য সম্পদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে সমিতির অন্তত ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সরকারি রাজস্বে পরিচালিত জলাশয়টির শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।অভিযুক্ত বিএনপি নেতা মো. সেনোয়ার হোসেন বলেন, বিরোধকৃত অংশটি ইজারা বহির্ভূত এই অংশটি প্রতি বছর স্থানীয় মির্জাপুর জামে মসজিদের ভোগ দখলে থাকে কিন্তু এই ইজারাদার আসার পর থেকে সেটির ব্যতিক্রম ঘটছে। আমি মসজিদ ও এলাকার লোকজনের পক্ষে কথা বলায় মিথ্যা অভিযোগ করে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও (ভারপ্রাপ্ত) জনি রায় বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ