প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
ভারত প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক
||
মৌলভীবাজার প্রতিনিধিমৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তি সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা। তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে চুক্তিভিত্তিক কর্মরত।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা বাগানে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সুশান্ত। এ সময় বিজিবির টহলদল তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুশান্ত ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কর্মরত। বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে সুশান্ত দাবি করেন, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিলসহ ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়। এসব পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।এব্যপারে জামালগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, গত কয়েকদিন যাবত সে অফিসে আসেনা। সে ডাক মারফতে একটি রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছে। সুসান্ত আমার কাছে চিকিৎসার জন্য ১৫দিনের ছুটি চেয়ে ছিল। কিন্তু আমি ৩ দিনের উপরে ছুটি দিতে না পারায় গত মাসের ৩১শ তারিখ থেকে সে আর অফিসে আসেনা।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ