প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
জামালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার ১শ তালগাছের চারা রোপণ
||
স্টাফ রিপোর্টার
পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সুনামগঞ্জের জামালগঞ্জে হালির হাওরের সড়কের পাশে ১শটি তালগাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের হালির হাওরের সড়কের উভয় পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে এবং উপ-মহাপরিচালক, সিলেট রেঞ্জ ও জেলা কমান্ড্যান্ট, সুনামগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা প্রশিক্ষক প্রবেশ সরকার,ইউপি সদস্য রবিন্দ্র কুমার দাস, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার এবং সঞ্জীবন প্লাটুনের ভিডিপি সদস্যরা অংশ নেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তালের রস, শাঁস ও গুড়সহ বিভিন্ন খাদ্যসামগ্রী গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখে। হাওরাঞ্চলের সড়কের পাশে তালগাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ