প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা
||
স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএর ইজারাদার কর্তৃক নৌযান থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগকে কেন্দ্র করে নৌযান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের পর বিষয়টি সমাধানের লক্ষ্যে ক্রাশার মিল মালিক, নৌযান মালিক ও শ্রমিকদের নিয়ে সভা করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।সভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম শান্ত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ক্রাশার মিল মালিক জয়ধর আলী, নবী নূর ও রহমগীর আলী, নৌযান মালিক আবুল হোসেন, জামালগঞ্জ উত্তর নৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন এবং নৌযান শ্রমিক নেতা মোহাম্মদ আলী।সভায় নৌযান মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় ক্রাশার মিল মালিকদের পক্ষ থেকেও তাদের বক্তব্য ও অবস্থান তুলে ধরা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক সভায় উপস্থিত সকলের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। পাশাপাশি তিনি সকল মিল মালিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা দীর্ঘ বছর যাবত এখানে পরিবেশের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে তোয়াক্কা না করে আপনার পরিবেশের ছাড়পত্র বিহীন ক্রাশার মিল চালাচ্ছেন। যা সম্পূর্ণরুপে অবৈধ। তবে আপনারা আমাকে এমন একটি জায়গা বের করে দিন যেটা সরকারি অথবা ক্রয় করে নেওয়া যাবে। যেখানে পরিবেশের ভারসাম্য রক্ষা করে সকল মিল এক জায়গায় স্থানান্তর করে ব্যবসা পরিচালনা করা যায়।পরে তিনি অতিরিক্ত টোল আদায়ের পুরো বিষয়টি সরেজমিনে তদন্ত ও পর্যালোচনার জন্য বুধবার দিনব্যাপী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিএর সিলেট বিভাগীয় উপপরিচালক, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংশ্লিষ্ট এলাকায় কাজ করবেন।তদন্তের পর বিষয়টির প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানানো হয়।উল্লেখ্য, গত রবিবার জামালগঞ্জে বিআইডব্লিউটিএর ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তুলে নৌযান শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এর পরিপ্রেক্ষিতেই বিষয়টি নিয়ে প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ