রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের হামলার শিকার হয়েছেন একাধিক সাংবাদিক। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। একই দিন ওই মেডিকেলে কলেজের ছাদে অবৈধ ও বেকারির সন্ধান পেয়ে জরুরি পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গত বুধবার আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর রহস্যজনক মৃত্যু এবং শনিবার বিকালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের প্রথমে হাসপাতালে প্রবেশে বাধা দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে সবকটি প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হয় এবং ১ নম্বর গেটের সামনে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা। সাংবাদিকেরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মগবাজার থানা পুলিশ ও র্যা ব সদস্যরা ঘটনাস্থলে আসেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্যেও নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে হাসপাতালের সিনিয়র ম্যানেজার ঘটনাস্থলে এলেও ক্ষুব্ধ সাংবাদিকদের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। হাসপাতালের ভেতরে অবৈধ বেকারি স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, মেডিকেলের ছাদে ভেতরে চলা বেকারিটি সম্পূর্ণ অনিয়ম ও নোংরা পরিবেশে পরিচালিত হচ্ছিল। তিনি বলেন, ‘কোনো প্রকৌশলী ছাড়া মাত্র দুটি ইলেকট্রিক ওভেন দিয়ে বেকারি চালানো হতো। সেখানে প্রচুর ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে। হাজার হাজার শিক্ষার্থীর জন্য প্রতিদিন সেখানে খাবার তৈরি হতো। কোনো বিষাক্ত গ্যাস বের হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি কঠোরভাবে খতিয়ে দেখার হুশিয়ারিও দেন তিনি।’