নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা করেছে বিএনপির নেতা–কর্মীরা, অভিযোগ নাহিদের
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা অতর্কিত ও সশস্ত্র হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফায়েড পেজ থেকে দেওয়া অ্যাডমিন পোস্টে এ অভিযোগ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই হামলার ঘটনা ঘটেছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে অতর্কিত ও সশস্ত্র হামলা করেছে স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা। এতে বেশ কয়েকজন সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হয়েছেন। দুর্ভাগ্যবশত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই হামলা হয়েছে।’
ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর নিয়ে এমন ন্যক্কারজনক কাণ্ড ঘটিয়েছে তারা। কেবল মাইক্রোবাস ভেঙ্গেই তারা ক্ষান্ত হয়নি; মোবাইল ফোন এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে।’
এই ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি অতি দ্রুত ‘সন্ত্রাসীদের’ গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে জুলাই পদযাত্রা করছেন এনসিপির নেতারা। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলম হবিগঞ্জে যান।