সাত মাসে ৩১ হাজার শিশু নিখোঁজ, উদ্বেগ মহিলা পরিষদের
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলতি বছরের প্রথম সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় থানায় ৩১ হাজারের বেশি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে এখনও চার হাজারের বেশি শিশুর সন্ধান মেলেনি। এই পরিস্থিতিতে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গণমাধ্যমে প্রকাশিত, সংশ্লিষ্ট থানা ও সদরদপ্তরের পুলিশের দেওয়া তথ্যের বরাতে পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে শূন্য থেকে ৯ বছরের শিশু নিখোঁজের বিষয়ে ১৫ হাজার ৭১৭টি জিডি হয়েছে। এর মধ্যে দুই হাজার ৩৮ শিশু এখনও নিখোঁজ রয়েছে। একই সময়ে ১০-১৭ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ২৪৩টি জিডি হয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা গেলেও এখনও এক হাজার ৯৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি।’
বিবৃতিতে মহিলা পরিষদের নেতারা আরও জানান, ‘শিশুদের কেউ কেউ বাড়ির সামনে খেলা করতে গিয়ে, স্কুল থেকে বাসায় ফেরার পথে, বিভিন্ন সময়ে নানা ধরনের প্রলোভনের শিকার হয়ে, অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে পথ ভুলে যাওয়ার কারণেও নিখোঁজ হচ্ছে।’
পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে শঙ্কা প্রকাশ করে বলা হয়, ‘দীর্ঘদিন নিখোঁজ থাকা শিশু কোনো পাচার চক্রের শিকার হচ্ছে কিনা বা কোনো অপরাধ জগতে পা রাখছে কিনা তা নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হচ্ছে। আকস্মিকভাবে শিশু নিখোঁজ হওয়ার ঘটনা সামাজিক নিরাপত্তা ঘাটতির বিষয়কে সামনে নিয়ে এসেছে।’
নিখোঁজ শিশুদের সন্ধানে সংশ্লিষ্ট প্রশাসনের গভীর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে মহিলা পরিষদ। শিশু নিখোঁজের সঙ্গে জড়িত অপরাধী চক্রকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।