বিমান মন্ত্রণালয় অত্যন্ত কঠিন ও জটিল: আফরোজা খানম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তিনি যে মন্ত্রণালয় পেয়েছেন তা অত্যন্ত কঠিন ও জটিল। মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এসব সমস্যা দূর করার চেষ্টা করছেন তিনি। একদিন বাংলাদেশ বিমানের সুনাম ছড়িয়ে পড়বে। এটি কোনো লসের প্রজেক্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় মুন্নু ক্যাফেটেরিয়া মিলনায়তনে দেশের বিভিন্ন স্থানে কর্মরত জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্টদের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, আমি যখন মন্ত্রণালয়ে ঢুকলাম, প্রত্যেকটি সেক্টরে গিয়ে দেখলাম সেখানে বিশাল সম্ভাবনা রয়েছে। এটা কোনো লসের প্রজেক্ট নয়। আমরা যদি সততার সঙ্গে কাজ করি, তাহলে বিমান বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বুকেও নাম ছড়াবে। আমার চেষ্টা সেখানেই। আমি সারাজীবন মন্ত্রণালয়ে থাকব না। তবে আমি চেষ্টা করছি, যাতে সবাই বলতে পারেন আপা এসেছিলেন, আপা পরিবর্তনের শুরুটা করে দিয়েছেন। এই কথাটা শুনতে পারলেও আমার ভালো লাগবে।
জি. নবী অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. গোলাম নবীর সভাপতিত্বে এবং নাভানা লিমিটেডের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জাহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফসিএ এখলাস উদ্দিন, এফসিএ ওবায়দুল ইসলাম খান, এফসিএ মো. কামরুজ্জামান, এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেডের প্রিন্সিপাল অফিসার মো. মতিউর রহমান, এফসিএমএ জসীম উদ্দিন প্রমুখ।